বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

পঙক্তিঃ


পঙক্তিঃ


১.

প্রেম

অ‌নেক পু‌ড়ে‌ছি 

আর আগু‌নে হাত দে‌বো না !


২.

লজ্জা

‌চোখ থে‌কে রক্ত ঝ‌রে গ্যা‌ছে ক‌বেই... 

এখন আর কিছুই  আটকায় না !


৩.

অনুভূ‌তি

ইদানীং ছুরির আঁচ‌ড়েও টের পাই না !


৪.

দু:খ বিলাশ 

হাত মুঠো করলে তার ভেতর 

দিনের আলোতেও অন্ধকার জমে।


৫.

উপহার

ক'ফোঁটা অশ্রু আর

একগুচ্ছ হাহাকার ।


৬.

কষ্ট

যার সাথে নিত্য বসবাস, তাকে

ভালো না বেসে পারি !


৭.

সাহস

কেউ কেউ স্লিপ খেয়েও পড়ে,

কেউ কেউ পাহাড় থেকে লাফিয়ে পড়ে।


৮.

গ্রাফিতি

দেয়ালে বোধের আঁচড়। 


৯.

বিলাপ

একটি আবেগীয় শিল্প।


১০.

বাড়াবাড়ি 

চশমা পড়ে ঘুমানোকেও বাড়াবাড়ি বলে। 


১১.

নগর

গাদাগাদি এত বাড়ি

পাশের বাড়ির মানুষ চিনি না।


১২.

ম‌নের মানুষ 

বহুদূ‌রের চাঁদও দৃষ্টিসীমায় 

তু‌মি আর ক‌তোদূ‌রে ?


১৩.

হা-হুতাশ

কোথায় নরম মাংশল পিচ্ছিল গহ্বর

আর রুক্ষহাতের কৃত্তিম সুরঙ্গ!


১৪.

জীবন

স্ব‌প্নের ছিপ্ হা‌তে অধ্যাবসায়

পাতকা‌ঠি নিয়ামক‌ ওঠানামায় !


১৫.

আজিব

নিজে খারাপ হয়ে বাকি সবাইকে ভালো ভাবা লোক।


১৬.

চিকা

বাক্যের এক একটা শব্দেরা যেন এক একটি বারুদ স্তম্ভ

নাড়িয়ে দেয় বোধ, মুছে গিয়েও জমা হয়ে থাকে নিউরনে। 


১৭.

সুখ

দূরবীনে চোখ রেখে খুঁজি না দূর,

আতশী কাঁচে দেখি খুব কাছেই সুখ!


১৮.

অসফল প্রেমিক

সে কেবলি আ‌সে যায় 

আ‌মি আ‌জো তেম‌নি ঠাঁয়।


১৯.

আওয়ামী লীগ-‌বিএন‌পি

‌যেই  লাউ, সেই  কদু 

আহা‌রে সংখ্যালঘু !


২০.

সরকার

আমার খায়,আমার প‌ড়ে 

আমা‌কেই  ঘা‌ড়ে ধ‌রে!


২১.

জাতিসংঘ

খানিকটা প্রকৃতির,খানিকটা মানুষের

বাকি সিংহভাগ দানবের।


২২.

ক্ষোভ

ইচ্ছে করে আমার অচ্ছুতঃ রেজার দিয়ে

কামিয়ে দেই তোর মুখ !


২৩.

আক্ষেপ

দিনে দিনে বেড়ে চলে জেহাদী আনাচে-কানাচে

বছর যায়, যুগ যায়, আজো হয় না একজন 'চে' !


২৪.

ইদুল-আযহা

পারলে মানুষ হই

ভেতরের পশুত্বকে কোরবানি দিয়ে।


২৫.

ভালো লোক

এতো বছরেও অন্তত আমি নিজ চোখে

তার খারাপ কিছু দেখিনি।


২৬.

সত্যি

প্যান্ট উল্টিয়ে পড়লেও তাকে প্যান্টই বলে।


২৭.

লেপ

উষ্ণতার ব্যাপার হলেও লেপ জিনিসটাই টানাটানির।


২৮.

মন

ও মন! কেনো হতে চাও এতোকিছু?

ও মন! কেনো পেতে চাও এতোকিছু?


২৯.

আকাঙ্ক্ষা

প্রেমিকার জন্মদিন ভুলে যাওয়া প্রেমিক

স্বপ্ন বোনে কবুতরের মতো ওম দেবে শাবক!


৩০.

গোপনী ব্যাপার

স্বমেহনে তুমিই এখন

আমার অনুভূতির সর্বস্ব।


৩১.

#বোকা

কী যে আমি

অশ্রু উপচানো চোখ নিয়ে সাগরের সামনে দাঁড়াই!


৩২.

#জানো কি?

সুরম্য অট্টালিকার তাচ্ছিলের কোঠরে

কতো পিঁপড়ের অনিন্দ রাজমহল!


৩৩.

#আদেশ

ফিরিয়ে নাও তোমার কার্বন

মুক্ত আকাশ আমার অধিকার।


৩৪.

#প্রতীক্ষা

আর কতো কষ্ট দিয়ে যে তোমার মনে হবে,

এবার শুধু ভালোবাসাবাসি দু'জনায়!


৩৫.

#সাবেকি বিশেষণ

তুমি ছিলে বৃষ্টির মতো, আর

পরিবারের বাকি সব, সাক্ষাত বজ্রপাত!


৩৬.

#কথার কথা

ভদ্র, ইতর কত কেউ'ই তো বলে, তুমি নেই। 

সমস্ত ভূবনে কি নেই?


৩৭.

#সত্ত্বা 

আয়নায় নিজেকে দেখে, ডান'কে বাম'ই মনে হবে।

আমার দিকে তাকা, সত্যিটা দেখে নে।


৩৮.

#নদী

ওপাড় তুমি, এপাড় আমি

মাঝে বয় ভালোবাসার জল।


৩৯.

#মায়া

বাইড়ে তুমি শুষ্ক হলেও

ভেতরটা ভিজে আছে জানি।


৪০.

#নিঃসঙ্গতা

আমি তার রয়ে গেলাম

সেই টানলো না!


৪১.

#খেয়ালি পণ

ছোঁয়াও লাগাবো না

হৃদয়ের মোম গলে যায় যদি!


৪২.

#রুঢ়

দুঃখ শিল্পীত করে

বুঝি কেটে নেয় জীবন।


৪৩.

#ভীরু

ছায়া নিয়েই বাঁচবি বুঝি,

শরীর ছুঁয়ে দেখলি না যে!


৪৪.

#জীবন

এম‌নি‌তে বেশ আ‌ছি।

মা‌ঝে মা‌ঝে কী যে হয়, দু‌'চো‌খে জল জ‌মে ও‌ঠে !


৪৫.

#হৃদয়

আমার একপা‌শে 'লালন' আ‌রেকপা‌শে '‌চে' 

আর 'তু‌মি' মাঝখা‌নে।


৪৬.

#আস্থা

আপাতত ধোঁয়া ওড়াই 

স্ব‌নিয়‌মে আগুন জ্বল‌বেই।


৪৭.

#পোড়া কপাল

প‌রিকল্পনার 'প‌রি'টা 'পরী'র ম‌তো 

উ‌ড়ে যায় বারবার!


৪৮.

#আক্ষেপ

তোকে পাবার জন্যে কতো কী ছেড়েছি...

তবু আমাকে টানতে পারলি না!


৪৯.

#সুপারমুন

আজ রাতের চাঁদের মতো আসবে কি কাছে? 

তাতিয়ে নিতাম তোমার আভায়!


৫০.

#বোধোদয়

এ প্রেম বুঝি তোমার অবহেলায় ফেলা বীজ,

হঠাৎ আবিস্কার করলে জেগে উঠেছে ফুলে ফুলে!


৫১.

#পরিচয়

আমি তুচ্ছজন

হীরে না, কাঁচের মতোন।


৫২.

#বার্ধক্য

খাবেই বা ক'দানা

দাঁতের ফাঁকেই জমে থাকবে অর্ধেক!


৫৩.

#পূজারী

সৌন্দর্য উপভোগ করি

ভোগ কাতর হয়ে তেতে থাকি না।


৫৪.

#মেকি হুমকি

তোর পরিণয়ের দিনে মরে গিয়ে উপহার হবো।


৫৫.

#রঙের দুনিয়া

 সিনোমায় নায়কদের ঠোঁটেও লিপস্টিক লাগাতে হয়।


৫৬.

#পরোক্ষ প্রস্তাব 

যেদিন বুঝবো তোমাকে না পেলেও বাঁচবো ঠিকই,

সেদিনই 'ভালোবাসি' বলবো প্রিয়।


৫৭.

#নগরয়নে বণিজ্য

যানজট বসিয়ে রাখে জোর করে

বাধ্য হয়ে বিজ্ঞাপন দেখি ডিজিটাল বোর্ডে।


৫৮.

#বিশেষজ্ঞ

বুর্জোয়া বুদ্ধিজীবী বিশ্লেষন করে বিপ্লব।


৫৯.

#প্রত্নতত্ত্ব 

পুরোনো স্থাপত্য ছুঁয়ে হারিয়ে যাই ভূমিষ্ঠপূর্ব পৃথিবীর মায়ায়।

আহা! আমার বয়সী স্থাপত্যরা, একে একে মৃত্যুর মিছিলে!


৬০.

#হৃদয় পথিক

গায়ের রঙ দেখে যে আসে

সে কি আর মন পর্যন্ত যায়।


৬১.

#মাছি

মানুষ পেয়ে গেলে যেন দাড়িয়াবান্ধা খেলায় মেতে উঠে। 

একচোট পরীক্ষা নেয় সচলতার, চতুরতার।


৬২.

#স্বার্থ 

আমাদের মন বড় হয়েও ছোট যায় প্রায়ই।


৬৩.

#ব্যাচেলার

বুকে বালিশ চেপে

চিৎ-কাত-উপুর হয়ে শুয়ে এপাশ-ওপাশ।









লেবেলসমূহ: