মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

হতে পারে 'গান'

 



১.

টায়ারে পিষে পিষে 

পিচে-পাথরের অপ্রেমের ফাঁকে

উঁকি মারে দূর্বাঘাস!

সাম্যের স্বপ্ন বুকে নিয়ে 

আশা ভাঙা প্রতিরোধের দল

হাস্, গলা ছেড়ে হাস্।।


দিকে দিকে প্রতিবাদী কন্ঠ 

চেপে ধরে, করে খুন,

প্রতারক দরদী, সুশীল দাতা

প্রশ্নাতীত সুফি রাজন।।

প্রতিদিনই সূর্য ডুবে-ওঠে

প্রতিদিন হয় না গ্রহণ,

পরা চরেও ডুবে জাহাজ 

প্রতিবাদী হলে ভরা শ্রাবণ।।

দেখে দেখে শেখে নে

প্রতিরোধের কতো ধরণ।।

সুন্দর ভুল ট্যাগ খায়

নষ্ট সময় করে হাঁসফাঁস,

মননে বাজিয়ে ডঙ্কা 

হাস্, গলা ছেড়ে হাস্।


দেখ্, চোখ কচলে দেখ্।

দেখ্, চশমার কাঁচ মুছে দেক্। 

দেখ্, টিনের চশমা খুলে দেখ্।


টায়ারে পিষে পিষে 

পিচে-পাথরের অপ্রেমের ফাঁকে

উঁকি মারে দূর্বাঘাস!

সাম্যের স্বপ্ন বুকে নিয়ে 

আশা ভাঙা প্রতিরোধের দল

হাস্, গলা ছেড়ে হাস্।।



২.

মুঠোভর্তি ছিলো যেসব সম্পর্কের বীজ

তোর হাত ধরতে গিয়ে খুইয়েছি সব,

তোর সুখে আজ আমি অসুখ বুঝি

আমার কাঙালপনায় থাকিস তুই নিরব!


অভ্যাসী আচরন মুখ গোঁজার

ঠাঁই পায় না এখন,

তোর কথা দেয়া-কথা নেয়ারা আজ

উল্কাপাতে ব্যস্ত ভীষণ!


সব সুন্দর দেখিস আমিহীন

জঞ্জালের স্তূপ ধরিয়ে আমার হাতে,

সে ভালো ঘি দেয় জানি,আমার তো

মাথায় দিলে জোটে না পাতে!


তোর পেঁয়াজ মন

খোসা ছাড়িয়ে পাইনি যে কূল,

আজো আমি ভীষণ প্রেমে

পেরোয় সময় একলা ব্যাকুল!



৩.

হঠাৎই তুমি যেন দূরের কেউ 

অথচ অগুন্তিদিন কাছে পাবার রেওয়াজ,

এখন হৃদয় ভাঙ্গে অচেনা ঢেউ 

জীবন পেড়ুই নিয়ে স্মৃতির কোলাজ।।


প্রেমের একোন্ ক্ষণ যাচ্ছে চুমি,

আমার অভিমান বনাম তুমি।

কারে খুলি, কারে যে করি বন্ধ,

ইদানিংকার মোটা-তাজা-ভারী'র দ্বন্দ্ব। 

কে সঠিক, কার বা পাল্লা ভার,

একজন জিতলে অন্যজনের হার।


অভিমান আমার এক মহাকাশ,

তবু জয় দেবার হিরণ্ময় অভিলাস।

আরাধ্য প্রেমের মোহনীয়তায়,

ভালোবাসা যে স্বেচ্ছায় হারতে চায়।

তবু কে সঠিক,কার বা পাল্লা ভার,

একজন জিতলে অন্যজনের হার।


হঠাৎই তুমি যেন দূরের কেউ 

অথচ অগুন্তিদিন কাছে পাবার রেওয়াজ,

এখন হৃদয় ভাঙ্গে অচেনা ঢেউ 

জীবন পেড়ুই নিয়ে স্মৃতির কোলাজ।।



৪.

একই চায়ের ভাপ নিয়ে নাকে

ঠোঁট বিনিময় কত সিগারেটে, 

কথার তোড়ে ভেসে গেছে কতো

দীর্ঘশ্বাস পরোয়াহীন ছাপ সেটে।

একসাথে কতো পথঘাট হেঁটে 

ফেলে আসা ক্ষণ আজো জীবন্ত সারাক্ষণ।


বন্ধু আমরা তুমুল ছিলাম 

ভীষণ বাস্তবতায় বিচ্ছিন্ন এখন,

বন্ধু আবার মিলবোই জেনো

বয়েসটা যাহোক তখন।।


বুঝিনিতো সময়ের ব্যাকরণ,

অগোছালো মন করেছি লালন;

দিনে দিনে ক্ষয়েছে জেদ,

এদিকওদিক আপোষে জমেছে মেদ;

তবু সেইসব উদ্দাম আড্ডার খেদ

হুটহাট নিবিড়ে পোড়ায় মন।


বন্ধু আমরা তুমুল ছিলাম

ভীষণ বাস্তবতায় বিচ্ছিন্ন এখন,

বন্ধু আবার মিলবোই জেনো

বয়েসটা যাহোক তখন।।


কেউ আছি, কেউ নেই,

হারাবো সবাই নিয়ম এই;

তবু যতদিন বাঁচি,

মননে থাকবোই কাছাকাছি;

হাঁটবো হাত ধরে পাশাপাশি 

নিয়ে সেই মন।


বন্ধু আমরা তুমুল ছিলাম

ভীষণ বাস্তবতায় বিচ্ছিন্ন এখন,

বন্ধু আবার মিলবোই জেনো

বয়েসটা যাহোক তখন।।।



৫.

তোর্ অভিযোগ গুলোই

নেভে না যেনো তারার মতো,

আর কী করে বোঝাই

আমার আর সাধ্য কতো।

বুঝিস না তুই,বুঝবি না তুই

বুঝিসনি যে তুই! (।।)


ঝড়ের সময় ছোট্ট চড়ুই

কেনো থাকে ঘাপটি মেরে,

ছিনিমিনি সূর্য নিয়ে প্রতিদিনই

মেঘগুলো যে কেনো করে;

বুঝিস না তুই,বুঝবি না তুই

বুঝিসনি যে তুই!


গাছভর্তি শিউলি ফুল

ভোরবেলাই কোথায় হারায়,

গন্ধে বাঁধে কার্ খোঁপার চুল

কোন্ দেবীর চরণ তলায়;

বুঝিস না তুই,বুঝবি না তুই

বুঝিসনি যে তুই!


তোর্ অভিযোগ গুলোই

নেভে না যেনো তারার মতো,

আর কী করে বোঝাই

আমার আর সাধ্য কতো।

বুঝিস না তুই,বুঝবি না তুই

বুঝিসনি যে তুই! (।।)



৬.

এখন আমার বেজায় সময়

ভুতেরাও দেয় কিল,

জাবর কেটে কাটে প্রহর

আমি একলা ওড়া চিল।।


          বুকের ভেতর ছোট্ট আকাশ 

          গুমোট মেঘে ভার,

          তুমুল দহন এই মনেতে

          বৃষ্টি মানে হার।


হঠাৎ হঠাৎ বিজলি যেন

কার অবয়ব আঁকে,

উথাল-পাথাল ভাবনারা সব

ভাসে-ডোবে বিষম ঘূর্ণিপাকে।


এখন আমার বেজায় সময়

ভুতেরাও দেয় কিল,

জাবর কেটে কাটে প্রহর

আমি একলা ওড়া চিল।


         অভিমানে পোড়ে জীবন

         হাওয়া দেয় ডানা,

         সব দোষই আমার বুঝি 

         অভিযোগ করা মানা।


দুঃখ-সুখের হিসেব তাই

কষবে না আর মন,

যেমনি আছে তা নিয়েই 

তুমিহীনতার চলবে উদযাপন।


এখন আমার বেজায় সময়

ভুতেরাও দেয় কিল,

জাবর কেটে কাটে প্রহর

আমি একলা ওড়া চিল।।



৭.

ফোটা বন্ধ বাগানবিলাস

পাখিদের মুখ হয়েছে ভার,

চোখে নেই ঘুম বেড়ালদের

তন্দ্রায় আঁকো মুখ কার্!


বন্ধ হল, ফাঁকা ক্যাম্পাস

বাড়িতে নিয়ে আছো হইচই,

ফাঁকা রাস্তায় আমি একাকী

মন বলে তুমিটা কই!


প্রজাপতি উড়ে উড়ে ঘুরে

খেলা করে তোমার জানালায়,

আমি বসে থাকি, শুধু 

বসে থাকি তোমার প্রতীক্ষায়! 


ঝাপ ফেলে দোকানপাট চলে

ফাঁকগলে নিই চায়ের কাপ,

একা গিলি বিষাদ, কোথায়

আনমনে গুনো বৃষ্টি টুপটাপ!


এক-দুই-তিন করে কাটে দিন

আক্ষেপ ভেসে বেড়ায় হাওয়ায়,

পুরোনো দিন হয়ে রঙিন

চিত্রকল্পে সুদিন এঁকে যায়!


প্রজাপতি উড়ে উড়ে ঘুরে

খেলা করে তোমার জানালায়,

আমি বসে থাকি, শুধু 

বসে থাকি তোমার প্রতীক্ষায়!



৮.

তুমি সাজো যেমন ইচ্ছে সাজে

এ ফাগুন তোমার সুরে বাজে,

নিয়ে সব বসন্ত আমি হায়,

দাঁড়িয়ে আজন্ম তোমার প্রতীক্ষায়।।


তুমি বাজো হাওয়ার সুরে

তুমি নাচো ঢেউয়ের তোড়ে

তুমি হাসো ভোরের রশ্মি ছড়িয়ে

তুমি বাঁচো মোহনীয় আভায় রাঙিয়ে

আমৃত্যু এই আশায়।


নিয়ে সব বসন্ত আমি হায়,

দাঁড়িয়ে আজন্ম তোমার প্রতীক্ষায়।


কি পাইনি,কি পাই

হিসেব নেই,ভাবিনি তাই

ধরে গোটা জীবনটাই

প্রতি নিঃশ্বাসের ছোঁয়ায় তোমাকে চাই

আমৃত্যু এই অধ্যাবসায়।


নিয়ে সব বসন্ত আমি হায়,

দাঁড়িয়ে আজন্ম তোমার প্রতীক্ষায়।।



৯.

জলের দামে প্রেম বিলাইয়া

দেখো কি উপায়।।

জ্বইলা পুইরা ছারখার হইলাম

জীবন রাখা দায়।।


উলু বনে মুক্তা ছড়াই

ফল পাবো না জেনে,

মন পাইলাম না আইজও বন্ধু 

মিললা না এ জীবনে।। 

আজও মন থাকে'রে বন্ধু 

শুধু তোমারই আাশায়-

জ্বইলা পুইরা ছারখার হইলাম

জীবন রাখা দায়।।


চতুরে মন সঁপিলা

বুঝলা না তার ছল,

প্রেমের নদী বইলো বুকে

মাপলা না তার তল।।

মোহের চোখে ছাঁনি কাইটা

একবার দেখোরে আমায়-

জ্বইলা পুইরা ছারখার হইলাম

জীবন রাখা দায়।।


জলের দামে প্রেম বিলাইয়া

দেখ কি উপায়।।

জ্বইলা পুইরা ছারখার হইলাম

জীবন রাখা দায়।।



১০.

দেখো আকাশ সীমায়

বর্ণীল মেঘের মেলায়,

দেখো চাঁদ কোথায়

শুভ্র জোছনা বিলায়,

সূর্য জাগায় ভূমি;

সুন্দর থাকো তুমি।।


যতো মিষ্টি কোকিল

যতো গন্ধ বকুল,

প্রিয় দুষ্টু পুতুল

ঘিরে থাক দুকুল,

তেমনি রবো আমি;

সুন্দর থাকো তুমি।।


যেখানে যাও

স্বপ্ন জাগাও,

ইচ্চে সময় পাও

পরমে ধাও,

যদি নাও পাই তোমায় আমি;

সুন্দর থাকো তুমি।।



১১.

সুন্দর যার মন

সে বাঁচাবে সুন্দর বন।।


যার আছে ক্ষোভ

সে জ্বালবে বিস্ফোরক,

যার আছে লোভ

সে চাইবে ক্ষতি হোক।।


বিদ্যুৎ মোরা চাই

তাই জনে জনে বলে যাই,

রামপালেরও বিকল্প আছে

সুন্দর বন আমাদের একটাই।


মননে যার সূর্য জ্বলে লাল

মুখরিত সে বলবেই,

স্টপ রামপাল

স্টপ রামপাল।।


স্টপ রামপাল,স্টপ রামপাল।।

(২০১৬)



লেবেলসমূহ:

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম