শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

টকবক, টকবক, টকবক...!

 


৭৪ পেড়ুনো জমিলা টকবক, টকবক বলতে বলতে হঠাৎ বোকাবনে যায় নিজের বোকামি দেখে! তার নাতি রইসউদ্দীন ঘুমে আধমরা, তিনি অযথা টকবক-টকবক করে গেছেন!

নাতির কেবল যুবরাজের কিচ্ছা ভাল্ লাগে। প্রতাপশালী রাজার পুত্র, দেখতে সুদর্শন, রাগ আর কোমলতায় মেশানো ব্যক্তিত্ব, তার জন্যে পাগল রাজকন্যারা, অন্যরা দেখলেও ধন্য মনে করে নিজেদের, তার উদীয়মান বীরত্বের কথা অবগত সবাই!
জমিলা মনে মনে ছুটির কথা ভাবে। একদিন রইস্ আরো বড় হবে, জমিলা আর ঘুমে প্রায় ভেঙ্গে পড়া চোখ নিয়ে রাজপুত্রদের কিচ্ছা শোনাতে হবে না, ইচ্ছেমাফিক ঘুমাতে পারবে! আবার তার মনে হয়, এই বাৎসল্যের সুখটা তো তখন আর পাওয়া যাবে না।
যুবরাজের কিচ্ছাশোনা রইস্ কৈশরে এসেই ধাক্কা খায় বাস্তবতার। দেখে অনেক কোটালপুত্রের মতো সে, অন্য ক'জন রাজপুত্র প্রায়! মনটা ভেঙ্গে ফাঁক হয়ে থাকে! গোটা কৈশর পেড়িয়ে যৌবনের মাঝখানে এসেও দেখে কোটাল পুত্রই সার! অনেক-অনেক হিসেব কষে শেষে সে বোঝে- 'যুবরাজ' এক অসম্ভব কল্পনা!
ভেঙ্গে পড়া ভাবনার আকাশ ভারী কোরে তোলে তার মাথা, একদিন সহ্যাতীত হয়ে পড়ে আচমকা!
অচেনা বসন্ত বয়ে যায় আটবার। এক ভোরে বাজারের লোকজন দেখে- একটি বাঁধা গাধার পাশে শুয়ে এক পাগল প্রায় মানুষ!
বেলা বাড়ে, আশেপাশের গ্রামে রটে যায়, শেষে আবিস্কৃত হয়, এই পাগল প্রায় লোকটি 'রইসউদ্দীন'।
রইস্ চিনতে পারে অনেককেই, যেচে কথা বলে না, উত্তরও দেয় অল্প কথায়, তাও কখনো সখনো। 
পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। ইচ্ছেমাফিক কাজে সহায়তা করে চুপচাপ থেকে। কারো সাথে মেশে না। ভোর থেকে বিকেল কাজ করে কতোকিছুই। গোসল, খাওয়া সেড়ে ঢুকে পরে ছোট্ট ঘরে। সন্ধ্যার পর তার গাধার পিঠে চড়ে বেড়িয়ে পড়ে ইচ্ছে মতো। একেকদিন একেকদিকে, কোনো কোনো পথে টানা কয়েকদিন... !  আশাপাশের সবাই জানে 'টকবক' শব্দের উৎস।
পরিচর্যাহীন দাঁড়ি-ঘোঁফ-চুলের তমাটে প্রায় বর্ণের আধপাগল রইসউদ্দীন যাচ্ছে গাধা ছুটিয়ে। রইস্ গাধার পিঠে ওঠেই ভুলে যায় অন্যকিছু! তার দাদীর মুখে শোনা যুবরাজের কিচ্ছা ছাড়া যেনো আর কিছু নেই! রইসউদ্দীনের ভেঙ্গে চৌচির মন যুবরাজ হয়ে ওঠে তখন! প্রতাপশালী রাজারপুত্র, দেখতে সুদর্শন,,রাগ আর আর কোমলতায় মেশানো ব্যক্তিত্ব, তার জন্যে পাগল রাজকন্যারা, অন্যরা দেখলেও ধন্য মনে করে নিজেদের, তার উদীয়মান বীরত্বের কথা অবগত সবাই!

রইসউদ্দীন গাধার পিঠে ছুটছে টকবক, টকবক, টকবক, টকবক...!

লেবেলসমূহ:

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম